দেশীয় প্রযুক্তিতে কখনো পড়বে না দ্বি চক্রযান

৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:৩৪  

দুই পা’য়ে দাঁড়িয়ে থাকে মানুষ। কিন্তু সাইকেল পড়ে যায়। অথচ চলন্ত অবস্থায় দিব্বি ছুটে চলে। কারণ তখন সাইকেলে কেন্দ্রমুখী বল তৈরি হয়; যা অভিকর্ষজ বলের বিপরীত। তাই এটি পড়ে যায় না । স্থির অবস্থায় এই বল তৈরি না হওয়ায় সাইকেল পড়ে যায়।

এই সমস্যার সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধন রচনা হতে যাচ্ছে বাংলাদেশেই। গবেষণার মাধ্যমে এরই মধ্যে চলন্ত অবস্থায় বস্তু নিজেই যেনো নিজের ভারসাম্য রক্ষা করতে পারে সেই প্রযুক্তি উদ্ভাবন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্স এর গবেষকরা।

শিক্ষার্থীদের নিয়ে এরই মধ্যে উদ্ভাবন করেছে সেল্ফ ব্যালান্সিং রোবট ও ব্যালান্সিং কিউব। কিউবটি এক পায়েই দাঁড়িয়ে থাকতে পারে। ভেতরে মোটর ঘুড়লেও পড়ে যায় না। বস্তুর ভারসাম্য ধরে রাখতে মহাকাশে এ ধরণের কিউব ব্যবহার করা হয়।

উদ্ভাবক দলের প্রধান মুহাম্মদ আরিফুল হক শুহান। তবে এই গবেষণার মূল পরিকল্পক বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান শায়েক মো. বুলান্দ তসলিম। জানালেন, তাদের এই উদ্ভাবন দেশে দ্বি-চক্রযানের দুর্ঘটনা কমাতেও অবদান রাখবে।

ইউনিভার্সিটি অব স্কলার্স এর প্রভাষক সানজিদা মুশফিক নোভা ছাড়াও এই গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা করেছেন একই বিভাগের আরো চার শিক্ষার্থী। এরা হলেন- আফরান হোসেন রেজা, মাহফুজুর রহমান মিতুল, ইসমাইল শেখ নয়ন এবং আব্দুল্লাহ আল মুতাসিম।

তাদের উদ্ভাবিত দুই চাকার ওপর দাঁড় করিয়ে দিলেও তা পড়বে না। এমনকি খাদের কিনারেও ঠাঁয় দাঁড়িয়ে থাকে। আর এই দ্বি-চক্র যানটিকে বলা হচ্ছে ব্যালান্সিং রোবট। আশা করা হচ্ছে, বাংলাদেশে উদ্ভাবিত এই সেল্ফ ব্যালান্সিং রোবট ও ব্যালান্সিং কিউব ব্যবহৃত হবে বস্তুতে নিজে নিজেই চলতে সাহায্য করতে। ব্যবহার করা হবে ড্রোন প্রকল্পে কিংবা স্পেস ক্র্যাফ্ট, স্যাটেলাইট ও অন্যান্য ইক্যুইপমেন্টে।

নিজেদের উদ্ভাবন সম্পর্কে ডিজিবাংলা-কে শায়েক মো. বুলান্দ তসলিম জানিয়েছেন, ইনভার্টার পেন্ডুলাম ফিজিক্সকে কেন্দ্র করেই তাদের এই উদ্ভাবন। উদ্ভাবনটির মাধ্যমে তারা এমন একটি অ্যাপ্লিকেশন নকশা করেছেন, যেটি ব্যবহার করলে গতিশীল কোনো দ্বিচক্র যান নিজে থেকেই ভারসাম্য রক্ষা করতে পারে। প্রযুক্তিটি বিমান বন্দরেও ব্যবহার করা যেতে পারে।

দেশীয় এই উদ্ভাবনের প্রোটোটাইপ প্রদর্শন করে এরইমধ্যে জাতীয় পুরস্কারও জিতে নিয়েছেন উদ্ভাবকেরা। সদ্য শেষ হওয়া ডিজিটাল বাংলাদেশ মেলায় সেরা উদ্ভাবন হিসেবে ইউনিভার্সিটি অব স্কলার্স এর এই গবেষকদের হাতে পুরস্কার তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মেলায় ইউনিভার্সিটি অব স্কলারের ছিলো আরো দুটো প্রকল্প। এখন বিশ্ববিদ্যালয়ে গবেষণার এই সেল্ফ ব্যালান্সিং রোবট ও ব্যালান্সিং কিউব প্রোটোটাইপ থেকে বেরিয়ে গতিময় জীবনে ভারসাম্য আনবে বলে আশা করেন খাত সংশ্লিষ্টরা। আর এ ধরণের উদ্যোগ স্মার্ট বাংলাদেশ রূপকল্পে গতি সঞ্চার করবে নিঃসন্দেহে।